কলকাতার আনন্দবাজার পত্রিকা ভবনের সামনে মঙ্গলবার ১ সেপ্টেম্বর দুপুরে হঠাৎই গেরুয়া পাগড়ি পরিহিত একদল মানুষ জড়ো হন। তারা ‘জয় শ্রী রাম’ স্লোগান দেয়ার পাশাপাশি পত্রিকাটির বিরুদ্ধে নানা ধরনের বিক্ষোভ প্রদর্শন করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভে অংশ নেয়া ব্যক্তিদের মধ্যে একজন আনন্দবাজার পত্রিকা ভবনের সামনের দেয়ালে গেরুয়া রং লেপে দেন। এ সময় সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের নিষ্ক্রিয় ভূমিকায় দেখা গেছে বলে জানা যায়।
বিক্ষোভের সময় উপস্থিত এক ব্যক্তি বক্তব্য রাখতে গিয়ে দাবি করেন, পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখার্জী ও বিবেকানন্দের মাটি, যা গেরুয়ার মাটি। তিনি আরও বলেন, এই মাটিতে গেরুয়া রং নিয়ে কোনো ধরনের কুমন্তব্য করার প্রচেষ্টা বরদাস্ত করা হবে না। তবে এই বিক্ষোভকারীরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। আনন্দবাজার পত্রিকার পক্ষ থেকেও এই ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি।
বিশ্লেষকদের মতে, এই ঘটনার পেছনে ২১ আগস্ট আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি শিরোনামের যোগসূত্র থাকতে পারে। গত ২০ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপির প্রতিবাদ মিছিল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। পরদিন আনন্দবাজার পত্রিকা সেই ঘটনার প্রেক্ষিতে ‘গেরুয়া গুন্ডামি’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। এর প্রতিবাদ করেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি ২৮ আগস্ট অন্য এক সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে বলেছিলেন, ‘গেরুয়া তাণ্ডব’ শিরোনামটি প্রত্যাহার করতে হবে এবং গেরুয়া শব্দকে কালিমালিপ্ত করা যাবে না। ওই ঘটনার পর থেকেই পত্রিকাটির সম্পাদকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আপত্তিজনক পোস্ট ছড়িয়ে পড়ে এবং ‘হিন্দু জাগরণ মঞ্চ’ নামে একটি সংগঠন সম্পাদকের বিরুদ্ধে বউবাজার থানায় এফআইআর দায়ের করেছিল।

















