ঘরের মাঠ ন্যু ক্যাম্পে এক রূপকথার রাতে ফুটবল বিশ্ব দেখল নতুন ইতিহাস। বার্সেলোনা ৫-২ গোলে রায়ো ভায়েকানোকে বিধ্বস্ত করার পাশাপাশি তরুণ তুর্কি লামিনে ইয়ামালের অনবদ্য অর্জনে উদ্ভাসিত হয়েছে। এই জয়ে ইয়ামাল স্প্যানিশ ফুটবলে সব মিলিয়ে ৫০ গোলের এক অবিশ্বাস্য মাইলফলক গড়ে ইতিহাস সৃষ্টি করেছেন।
ম্যাচের শুরুতে অবশ্য রায়ো ভায়েকানো চমক দেখিয়েছিল। ১২তম মিনিটে সের্হিও ক্যামেলোর গোলে তারা ১-০ ব্যবধানে এগিয়ে যায়। তবে বার্সেলোনা দ্রুতই খেলায় ফেরে। ১৯তম মিনিটে রাফিনিয়ার গোলে সমতা ফেরানোর পর, মাত্র দুই মিনিটের ব্যবধানে ২১তম মিনিটে ইয়ামাল গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। এটি ছিল চলতি মৌসুমে তরুণ এই উইঙ্গারের প্রথম গোল।
দ্বিতীয়ার্ধে বার্সেলোনার আক্রমণের ধার আরও বাড়ে। ইয়ামাল ও রাফিনিয়া প্রত্যেকেই নিজেদের জোড়া গোল পূর্ণ করেন। এর মাঝে রায়ো ডিফেন্ডার ফ্লোরিয়ান লেজেউনের একটি আত্মঘাতী গোল ব্যবধান আরও বাড়ায়। রায়োর হয়ে দ্বিতীয় গোলটি করেন ক্যামেলো।
মাত্র ১৯ বছর ৪৯ দিন বয়সে ৫০ গোলের এই মহাকাব্যিক মাইলফলকে পৌঁছানোর মাধ্যমে ইয়ামাল ভেঙেছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রাউল গঞ্জালেসের (১৯ বছর ২৪৯ দিন) রেকর্ড। অ্যাটলেটিকো মাদ্রিদের সাবেক তারকা ফার্নান্দো তোরেসও (২০ বছর ২২১ দিন) তার পেছনে পড়েছেন।
ক্লাব বার্সেলোনার ইতিহাসেও এটি এক নতুন অধ্যায়। ১৯৩৫ সালে ২০ বছর ৩৫৬ দিন বয়সে ৫০ গোল করে ৯০ বছর ধরে কাতালান ক্লাবটির এই রেকর্ড নিজের দখলে রেখেছিলেন প্রয়াত ফরোয়ার্ড জোসেফ এসকোলা। এবার সেই রেকর্ড ভেঙে নিজের করে নিলেন ইয়ামাল। এমনকি ক্লাব ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসিও এত দ্রুত এই অর্জনে পৌঁছাতে পারেননি; মেসির ৫০তম গোলটি এসেছিল ২১ বছর ১২০ দিন বয়সে।
ইউরোপের সেরা পাঁচ লিগের হিসেবে আধুনিক সময়ের সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে (১৯ বছর ২৪১ দিন) ও আর্লিং হাল্যান্ডকেও (২০ বছর ১৯৬ দিন) টপকে সবচেয়ে কম বয়সে ৫০ গোলের রেকর্ড এখন এই স্প্যানিশ সেনসেশনের ঝুলিতে। সব প্রতিযোগিতা মিলিয়ে ইয়ামাল বার্সার জার্সি গায়ে ১৫৪ ম্যাচে মাঠে নেমেছেন, যার ১২৬টিতে তিনি ছিলেন শুরুর একাদশে। এই ম্যাচগুলোতে তিনি ৫১টি গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ৪৫টি।

















