চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ নওগাঁও এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে ফারুক ঢালী ও জুয়েল ঢালীর মালিকানাধীন দুটি কাঁচা বসতঘরে এই আগুনের সূত্রপাত হয়। মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
খবর পাওয়ার পর সকাল সাড়ে ৮টার দিকে মতলব দক্ষিণ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান তুহিনের নেতৃত্বে একজন গাড়িচালক ও পাঁচজন ফায়ারফাইটার এই উদ্ধার অভিযানে অংশ নেন। অগ্নিকাণ্ডের স্থলে পৌঁছাতে ফায়ার সার্ভিসের গাড়িকে প্রায় আট কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। ফায়ার সার্ভিস কর্মীদের দ্রুত তৎপরতায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বৈদ্যুতিক গোলযোগকেই এই অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগুনে আনুমানিক ৭ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হলেও ফায়ার সার্ভিসের সময়োচিত পদক্ষেপে প্রায় ২০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ব্যক্তি হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

















