বিশ্বের শীর্ষ ১০০ প্রতিরক্ষা কোম্পানির তালিকায় একক আধিপত্য বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। ডিফেন্স নিউজের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, এই তালিকার ৪৯টি কোম্পানিই মার্কিন যুক্তরাষ্ট্রের। তালিকার শীর্ষ চারটি অবস্থানেও রয়েছে মার্কিন প্রতিষ্ঠানগুলো—লকহিড মার্টিন ১ নম্বরে, আরটিএক্স ২ নম্বরে, জেনারেল ডায়নামিক্স ৩ নম্বরে এবং নর্থরপ গ্রুম্যান ৪ নম্বরে রয়েছে। তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের বোয়িং।
তালিকায় যুক্তরাজ্যের ৬টি প্রতিষ্ঠান জায়গা করে নিয়েছে, যার মধ্যে বিএই সিস্টেম পঞ্চম স্থানে রয়েছে। এছাড়া চীন, ফ্রান্স ও তুরস্কের ৫টি করে প্রতিষ্ঠান শীর্ষ ১০০-এ স্থান পেয়েছে। চীনের এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না (এভিআইসি) তালিকার ৭ নম্বরে অবস্থান করছে। তালিকার অন্য শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে এলথ্রি হ্যারিস টেকনোলজিস ৮ নম্বরে, ইতালির লিওনার্দো ৯ নম্বরে এবং এয়ারবাস ১০ নম্বরে রয়েছে।
তুরস্কের পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে আসেলসান ৪০তম, তুর্কিশ অ্যারোস্পেস ৪৮তম, আরকা ডিফেন্স ৫৩তম, রোকেটসান ৬৪তম এবং এমকেই ৮১তম অবস্থানে রয়েছে। এছাড়া জার্মানি ও দক্ষিণ কোরিয়ার ৪টি করে, ইসরাইলের ৩টি এবং ইতালি, ভারত ও নরওয়ের ২টি করে প্রতিষ্ঠান এই তালিকায় জায়গা পেয়েছে। তালিকায় নেদারল্যান্ডস, সুইডেন, পোল্যান্ড, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত, আয়ারল্যান্ড, সিঙ্গাপুর, স্পেন, কানাডা, ফিনল্যান্ড, বেলজিয়াম, সৌদি আরব ও লুক্সেমবার্গের মতো দেশগুলোর প্রতিরক্ষা কোম্পানিও অন্তর্ভুক্ত রয়েছে।
এই তালিকাটি বিশ্ব প্রতিরক্ষা শিল্পে যুক্তরাষ্ট্রের ব্যাপক আধিপত্যের চিত্রটি যেমন স্পষ্ট করে, তেমনি তুরস্ক, চীন ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর প্রতিরক্ষা খাতে দ্রুত অগ্রগতির বিষয়টিও সামনে নিয়ে এসেছে।

















