ভোলার দৌলতখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে লুট হওয়া একটি পিস্তলসহ মো. নাহিদ নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া নাহিদ চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাজীবাড়ির আব্দুল মন্নান কাজীর ছেলে এবং তিনি ওই ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দৌলতখান থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিব হাসান জানান, নাহিদের কাছে পিস্তল রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বসতঘরে অভিযান চালায়। এ সময় উদ্ধারকৃত অস্ত্রটি একটি চায়না টাইপ-৫৪ পিস্তল বলে নিশ্চিত করে পুলিশ।
এসআই রাকিব বলেন, উদ্ধার হওয়া অস্ত্রটি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ২০২৪ সালের ৫ আগস্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে লুট হওয়া পিস্তল। অস্ত্রটির নম্বর পুলিশ সদর দপ্তরে পাঠানো হবে। এর মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে এটি ঠিক কোন টিম থেকে লুট করা হয়েছিল। এই ঘটনায় নাহিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

















