নেপালে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ১ হাজার ২৫০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। দেশটির আটটি জেলায় চালানো উদ্ধার অভিযানে এই নিহতের সংখ্যা নিশ্চিত হওয়া গেছে। বন্যায় এখনো ৪ হাজার ৮৭৫ জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে ৫৮৩ জন বিদেশি নাগরিক বলে জানা গেছে।
নিহতদের জেলাভিত্তিক তথ্যে দেখা যায়, চিতাওয়ান জেলায় সর্বোচ্চ ৩৪৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া নাওয়ালপারাসি ইস্ট থেকে ২১৮, নাওয়ালপারাসি ওয়েস্ট থেকে ২০৮, নুয়াকোট থেকে ১৫৫, রাসুয়া থেকে ১২৭, গোরখা থেকে ৬৭, দাঘিং থেকে ৬০ এবং তানাহু জেলা থেকে ৩৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বর্তমানে নিখোঁজদের সন্ধানে এবং উদ্ধারকাজে নেপাল সেনাবাহিনীসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত হেলিকপ্টার ও স্থলপথে মোট ১১ হাজার ৯৯৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই বিশাল উদ্ধার ও তল্লাশি অভিযানে প্রায় ২১ হাজার ৩১৪ জন নিরাপত্তাকর্মী কাজ করছেন।
এদিকে, নেপাল সীমান্তের অদূরে চীনের তিব্বতের গিরং কাউন্টিতেও আকস্মিক বন্যার আঘাত হেনেছে। সেখানে এখন পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং নিখোঁজ রয়েছে আরও ৫৪১ জন।
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ৩৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ৪৬

















