বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস বলেছেন, দলের ভেতরে ও বাইরে নানা ষড়যন্ত্র চলছে। তিনি দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘অনেক ষড়যন্ত্র হচ্ছে দলের বিরুদ্ধে। অনেক ষড়যন্ত্র হবে আপনার বিরুদ্ধে। আপনি দয়া করে সাবধান থাকবেন।’
আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তারেক রহমানের উদারতার কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘দলের ভালো কাজও কিছু খারাপ মানুষের কর্মকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবসময় ও সবক্ষেত্রে উদার হওয়া যায় না। জিয়াউর রহমানের মৃত্যু স্বাভাবিক ছিল না। খালেদা জিয়াকে হত্যা করা হয়েছে এমন কথা আমি বলছি না, তবে যেভাবে তার মৃত্যু হয়েছে, তা আমাদের কাম্য ছিল না।’
দলের নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ‘নেতাকে ফাঁকি দেওয়া মানে নিজেকে, দেশকে ফাঁকি দেওয়া। দলের ভেতরে ও বাইরে যারা ষড়যন্ত্র করছেন, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে এবং সঠিক তথ্য নেতৃত্বের কাছে পৌঁছে দিতে হবে।’

















