জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পাঁয়তারা করছে বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। শনিবার রাজধানীর বাংলাদেশ আইন ও আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউট (বিলিয়া) মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের প্রথম ১৮০ দিনের পর্যালোচনা: সুশাসন, জবাবদিহিতা ও উন্নয়নের প্রেক্ষাপট’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। সিটিজেন ফোরাম বাংলাদেশ এবং বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড ইনিশিয়েটিভস (বিসিএআই) এই অনুষ্ঠানের আয়োজন করে।
জহির উদ্দিন স্বপন বলেন, সংসদীয় বিতর্ককে অহেতুক রাজপথে টেনে আনা এবং লংমার্চের মতো কর্মসূচি ঘোষণার বিষয়ে সচেতন মহলকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, জাতীয় সংসদ যখন কার্যকর রয়েছে, তখন আন্দোলনের নামে লংমার্চ সাধারণ মানুষের গণ-আকাঙ্ক্ষার পরিপন্থি। রাজনৈতিক দলগুলো এসব কর্মসূচির মাধ্যমে কী অর্জন করতে চায় তা স্পষ্ট নয়, তবে এই পরিস্থিতির সুযোগ নেয়ার জন্য দেশি-বিদেশি বিভিন্ন অপশক্তি ওতপেতে থাকে।
সরকারের গত ১৮০ দিনের কার্যক্রম সম্পর্কে উপদেষ্টা বলেন, বিগত দুই দশকের ফ্যাসিবাদের চর্চা, ভঙ্গুর সমাজ ও দেউলিয়া অর্থনীতি থেকে দেশকে টেনে তুলে সরকার নতুন গতিপথ নির্ধারণ করেছে। দীর্ঘমেয়াদি আমদানিনির্ভর ও ভুল নীতির কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সৃষ্ট সংকট মোকাবিলায় সরকার এখন বিকল্প উৎস সন্ধান এবং নিজস্ব গ্যাস উত্তোলনের উদ্যোগ নিয়েছে। তিনি জানান, সুশাসন ও অর্থনৈতিক স্বস্তি ফেরাতে পণ্য আমদানির নতুন উৎস তৈরি, ব্যয় হ্রাস এবং রপ্তানি বহুমুখীকরণে সরকার বিশেষ জোর দিচ্ছে।
বৈঠকে মানবাধিকারকর্মী শিরিন পারভীন হক দুর্নীতি দমন কমিশনকে (দুদক) শক্তিশালী করার আহ্বান জানান এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে পুলিশি সহিংসতার বিচার দাবি করেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, পদ্ধতিগত দুর্বলতা কাটিয়ে ওঠা বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান প্রশাসনে আমলাতান্ত্রিক আধিপত্য দূর করার ওপর গুরুত্বারোপ করেন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, বর্তমান সরকারে ১৮০ দিনে বিরোধী দলের রাস্তায় নামার মতো যথেষ্ট কারণ তৈরি হয়নি, বরং তাদের সংসদের মাধ্যমে সমস্যার সমাধান খোঁজা উচিত। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে সংসদীয় কমিটিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহাটি জানান, তাদের গবেষণা অনুযায়ী নাগরিকরা সরকারকে আরও সময় দিতে প্রস্তুত। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এস এম আমানুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলামসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

















