জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন বর্তমানে ইতালির মেস্ত্রে শহরে অবস্থান করছেন। সেখানে অবস্থানকালেই তিনি শারীরিক হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
বাঁধন অভিযোগ করেন, ইতালিতে আওয়ামী লীগের প্রবাসী কর্মীরা তার ওপর এই হামলা চালিয়েছে। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে যাওয়ার সময় একদল বাঙালি তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় তার গায়ে পানি ও কোক ছুড়ে মারা হয়, যার ফলে তার পোশাক পুরোপুরি ভিজে যায়। তার সঙ্গে ভাইয়ের ছোট শিশুও ছিল বলে তিনি জানান।
অভিনেত্রীর ভাষ্যমতে, হামলাকারীরা তার শরীরে হাত তুলেছে এবং তার মোবাইল ফোনটি ফেলে দিয়েছে। এমনকি তার কানের পাশেও আঘাত করা হয়েছে। তিনি আরও জানান, হামলাকারীরা তাকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে সম্বোধন করে। বাঁধন বলেন, ‘আমি জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি, ইয়েস আই অ্যাম।’
ফেসবুক লাইভে বাঁধন দাবি করেন, হামলাকারীরা নিজেদের বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে পরিচয় দেয় এবং তাকে জোরপূর্বক ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করে। পুরো ঘটনাটি তারা ভিডিও ধারণ করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ ও আপলোড করে। এই অসংলগ্ন আচরণের তীব্র সমালোচনা করে অভিনেত্রী বলেন, তারা হয়তো ভেবেছিল এভাবেই নিজেদের হারানো জায়গা পুনরায় সুগঠিত করতে পারবে, কিন্তু তাদের এই পথ থেকে বেরিয়ে আসা উচিত ছিল।

















