রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে সরকার। সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গত ২৭ মে হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তীব্র আলোচনা ও সমালোচনার মুখে গত ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছিল।
লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহারের বিষয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের দাখিল করা আপিল ও এর অধিকতর বিবরণীর ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত ১৫ জুলাই তিন কর্মদিবসের মধ্যে সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে।
তবে হাসপাতালটিকে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তিনটি বিশেষ শর্ত মেনে চলতে হবে। শর্তগুলো হলো: ১. দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২-এর নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালন করতে হবে; ২. লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে এবং ৩. লাইসেন্সের শর্ত পালনে কোনো ব্যর্থতা দেখা দিলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যেকোনো সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

















