গাজীপুর জজ কোর্টের সামনে সরকারি আইনজীবী (এজিপি) অ্যাডভোকেট রুহুল আমিন ও অ্যাডভোকেট মাহীন হাসান শুভর ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে ভুক্তভোগী আইনজীবীরা নিজেদের এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার গাজীপুর জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তারা জানান, গত ৯ আগস্ট বিকেল ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের পার্শ্ববর্তী জজ কোর্টের সামনের সড়কে অতর্কিত এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, হামলাকারীরা ধারালো অস্ত্র এবং হেলমেট ব্যবহার করে অ্যাডভোকেট রুহুল আমিনকে হত্যার উদ্দেশ্যে তার মাথা ও চোখ লক্ষ্য করে আঘাত করে। এতে অ্যাডভোকেট রুহুল আমিন ও অ্যাডভোকেট মাহীন হাসান শুভ গুরুতর আহত হন। পরবর্তী সময়ে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা আরও জানান, ঘটনার পরপরই আইনজীবী ও স্থানীয়রা কয়েকজনকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। তবে অজ্ঞাত কারণে পুলিশ তাদের ছেড়ে দেয়। এরপর চিকিৎসাধীন থাকা অবস্থায় সুস্থ হয়ে অ্যাডভোকেট রুহুল আমিন বৃহস্পতিবার বিজ্ঞ অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলাটি ১০২১/২০২৬ নম্বর হিসেবে নথিভুক্ত হওয়ার পর আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
সংবাদ সম্মেলনে বক্তারা আদালতের জারি করা পরোয়ানা দ্রুত কার্যকর করে আসামিদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান। সেই সঙ্গে তারা অভিযোগ করেন যে, মামলা করার কারণে আসামিরা তাদের জীবননাশের হুমকি দিচ্ছে। তাই নিজেদের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রুহুল আমিন, অ্যাডভোকেট মাহীন হাসান শুভ, এবং গাজীপুর জেলা আইনজীবী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট শাহ আলমসহ অ্যাডভোকেট মোজাম্মেল, অ্যাডভোকেট কামরুল হাসান রাসেল, অ্যাডভোকেট আল আমিন ইসলাম আশিক, অ্যাডভোকেট আব্দুল্লাহ, অ্যাডভোকেট ওলিউল ইসলাম টুটুল ও অ্যাডভোকেট আলমগীর হোসেন।

















