হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর এলাকায় প্রশাসনের কোনো ধরনের অনুমোদন ছাড়াই একটি বাণিজ্য মেলার আয়োজনের প্রস্তুতি চলছে। স্থানীয় একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মেলার দোকানপাট ও বিভিন্ন স্থাপনা তৈরির কাজ পুরোদমে এগিয়ে চলছে। তবে এই মেলার আয়োজক কারা বা তাদের বিস্তারিত পরিচয় সম্পর্কে স্থানীয় পর্যায়ে কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্যমতে, ঢাকার জনৈক এক ব্যক্তি এই বাণিজ্য মেলার মূল আয়োজক হিসেবে কাজ করছেন।
বাণিজ্য মেলার নামে এখানে নাচ-গান বা জুয়ার আসর বসানোর সম্ভাবনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। মিরপুর তরুণ ওলামা পরিষদের সভাপতি মাওলানা মনিরুল ইসলাম মোস্তাক আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ধরনের আয়োজন থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। এছাড়া বাহুবল উপজেলা খাদিমুল কোরআন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই বাহুবলী জানিয়েছেন, স্থানীয় উলামায়ে কেরাম বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে আছেন এবং তারা ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন মহলে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাহুবলে কোনো ধরনের বাণিজ্য মেলা আয়োজনের অনুমতি দেওয়া হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে একটি সতর্কবার্তায় স্পষ্ট করা হয়েছে যে, অনুমতি ছাড়া মেলার আয়োজনের চেষ্টা করলে আয়োজকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বাহুবল মডেল থানার ওসি মো. রুহুল আমিন তালুকদারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও, থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এমন কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না।
স্থানীয়রা মনে করছেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এ ধরনের মেলা আয়োজনের ফলে শিক্ষার্থীদের চলাচল ব্যাহত হওয়া, যানজট সৃষ্টি, শব্দদূষণ এবং নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে। প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়ার পরও মেলা প্রস্তুতির কাজ অব্যাহত থাকায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

















