দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। স্বাগতিকদের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ ইনিংস এবং ৪১৩ রানে পরাজিত হয়েছে। দুই ইনিংসেই নাইম শেখ, মাহমুদুল হাসান জয় ও আফিফ হোসেনদের মতো ব্যাটাররা চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েন, যা দলের হারের মূল কারণ হিসেবে দেখা দিয়েছে।
এমন হতাশাজনক পারফরম্যান্সের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন ম্যাচগুলোর জন্য স্কোয়াডে বড় ধরনের রদবদল এনেছে। দলে ছয়টি পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়া ক্রিকেটারদের তালিকায় রয়েছেন শাহাদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির হাসান, এনামুল হক বিজয়, ইকবাল হোসেন ইমন এবং কালাম সিদ্দিকী অলিন।
সিরিজের দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচটি ৩০ আগস্ট পচেফস্ট্রুমে শুরু হবে। এরপর ৬, ৯ ও ১২ সেপ্টেম্বর বাংলাদেশ ও প্রোটিয়া ‘এ’ দলের মধ্যে ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। এই ম্যাচগুলো ব্লুমফন্টেইন, কিম্বার্লি ও পচেফস্ট্রুমে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দ্বিতীয় চার দিনের ম্যাচের জন্য ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে রয়েছেন নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন ধ্রুব, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, হাসান মুরাদ, নাঈম হাসান, আল ফাহাদ, রেজাউর রহমান রাজা, জাকের আলি অনিক, মুশফিক হাসান, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেন।

















