জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তাদের সর্বশেষ শুমারিতে জানিয়েছে যে, ভারত ও পাকিস্তানের নাগরিকদের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি। গত শুক্রবার (২ অক্টোবর) সংস্থাটি এই নতুন তথ্য প্রকাশ করেছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশিদের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৭ বছর। একই সময়ে ভারতীয়দের গড় আয়ু ছিল ৭১ বছর এবং পাকিস্তানিদের গড় আয়ু ছিল ৬৮ দশমিক ৮ বছর। তবে যুক্তরাষ্ট্র ও কানাডার নাগরিকদের গড় আয়ু এই দেশগুলোর তুলনায় বেশ বেশি, যা যথাক্রমে ৭৮ দশমিক ৫ বছর এবং ৮১ দশমিক ৪ বছর।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যে আরও দেখা যায়, করোনা মহামারির আগের বৈশ্বিক গড় আয়ুর কাছাকাছি অবস্থানে ফিরে এসেছে ২০২৩ সালের পরিস্থিতি। ২০১৯ সালে বৈশ্বিক গড় আয়ু ছিল ৭৩ দশমিক ৪ বছর। ২০২০ সালে করোনা মহামারির প্রাদুর্ভাবের পর ২০২১ সালে তা কমে ৭১ দশমিক ৫ শতাংশে নেমে এসেছিল। ২০২৩ সালে তা আবার বেড়ে ৭৩ দশমিক ৩ বছরে দাঁড়িয়েছে, যা মানুষের সুস্থভাবে বেঁচে থাকার ক্ষেত্রে উন্নতির একটি ইঙ্গিত।
এই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাটা ডিপার্টমেন্টের প্রধান অ্যালাইন ল্যাবরিক মন্তব্য করেছেন যে, জনস্বাস্থ্যের ক্ষেত্রে গড় আয়ু বৃদ্ধি পাওয়া একটি বড় সাফল্য। তবে তার মতে, আগামী দিনের প্রধান চ্যালেঞ্জ হলো মানুষ যেন কেবল দীর্ঘায়ু নয়, বরং সুস্থ শরীর নিয়ে বেশিদিন বাঁচতে পারে তা নিশ্চিত করা।

















