রাশিয়ার আমুর অঞ্চলে অবস্থিত আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে (এজিসিসি) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন এবং সাতজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত জাকির হোসেনের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। নিখোঁজ থাকা বাংলাদেশি কর্মীর নাম মো. আলাল হোসেন রাজু, যার বাড়ি মেহেরপুরের গাংনীতে। দূতাবাস কর্মকর্তা মিজানুর রহমান জানান, আগুনের তীব্রতায় কিছু মরদেহ মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় সেগুলো শনাক্ত করা সম্ভব হয়নি, যার মধ্যে রাজুর মরদেহ থাকার আশঙ্কা করা হচ্ছে।
আহত সাতজন বাংলাদেশি কর্মীকে উন্নত চিকিৎসার জন্য আমুর থেকে মস্কোর একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ছয়জন বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। নিহত জাকির হোসেনের মরদেহ দেশে পাঠানোর বিষয়ে এলএলসি সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানির সঙ্গে দূতাবাস যোগাযোগ রাখছে। মরদেহ পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি তার বকেয়া পাওনা ও ক্ষতিপূরণের বিষয়েও দূতাবাস কাজ করছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার সভোবোদনি শহরের কাছে অবস্থিত এই কমপ্লেক্সে আগুন লাগে। এজিসিসি জানিয়েছে, শুরুতে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে তা বেড়ে ১৫ জনে দাঁড়ায়, যার মধ্যে ১৪ জনই বিদেশি নাগরিক। রাশিয়ার পেট্রোকেমিক্যাল কোম্পানি সিবু এবং চীনের সিনোপেকের প্রায় ১০ বিলিয়ন ডলারের যৌথ এই প্রকল্পে আগামী বছরের শুরুতে উৎপাদন শুরুর আগে শেষ ধাপের পরীক্ষা চলছিল। কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, পাইরোলাইসিস ইউনিটের একটি সহায়ক অংশ থেকে আগুনের সূত্রপাত হলেও মূল যন্ত্রপাতি অক্ষত রয়েছে।

















