জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন।
পুলিশ জানায়, ২০০৮ সালে দায়ের করা একটি প্রতারণা মামলায় বিদিশা এরশাদকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছিলেন আদালত। ওই মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রেক্ষিতে তাকে আইনত গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম এই মামলার রায় ঘোষণা করেন। মামলার বিবরণ অনুযায়ী, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট হস্তান্তরের নামে প্রতারণার অভিযোগ এনে ২০০৮ সালে ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার গুলশান থানায় মামলাটি দায়ের করেছিলেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণের পর আদালত বিদিশার বিরুদ্ধে এই সাজার রায় প্রদান করেন।

















