ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠায় ইনামুল মোল্লা (২৬) নামে জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতাকে দলীয় পদ থেকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইনামুল মোল্লা বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি পৌরসভার কুশাডাঙ্গা গ্রামের মো. আকরাম মোল্যার ছেলে এবং বোয়ালমারী বাজারের মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতালে অভ্যর্থনাকারী হিসেবে কর্মরত আছেন।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, কুশাডাঙ্গা গ্রামের কুটিপাড়া এলাকার এক নারীর সঙ্গে ইনামুল মোল্লার দীর্ঘদিনের ঘনিষ্ঠ যোগাযোগের অভিযোগ রয়েছে। ওই নারীর স্বামী বর্তমানে প্রবাসে অবস্থান করছেন। সম্প্রতি ইনামুলের সঙ্গে ওই নারীর কথিত সম্পর্কের বিষয়টি পরিবার ও স্থানীয় পর্যায়ে জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে বোয়ালমারী পৌর জামায়াতে ইসলামীর আমির সৈয়দ নিয়ামুল হাসান জানান, এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগের প্রেক্ষিতে ইনামুল মোল্লাকে প্রাথমিকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বর্তমানে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তিনি আরও জানান, ওই নারীর সঙ্গে ইনামুলের মোবাইলে কথা হওয়ার বিষয়টিও শোনা গেছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলের নেতাকর্মীদের সাথে আলোচনা করে পরবর্তী কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।
ইনামুল মোল্লার কর্মস্থল মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতালের ম্যানেজার রেজাউল করিম জানান, দুই দিন আগে ওই নারীর স্বামী প্রবাস থেকে তাকে ফোন করে ইনামুলের সঙ্গে তার স্ত্রীর সম্পর্কের অভিযোগ জানান। যেহেতু ইনামুল ওই প্রতিষ্ঠানে চাকরি করেন, তাই তিনি বিষয়টি জানতে চেয়েছিলেন। তবে এ বিষয়ে নিজের কোনো জানা নেই বলে তিনি জানিয়েছেন। অভিযোগের বিষয়ে ইনামুল মোল্লার বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। এছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার সরাসরি বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। দলীয় সূত্র জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগটি যাচাই-বাছাই পর্যায়ে রয়েছে এবং সত্যতা প্রমাণিত হলে সাংগঠনিক বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

















