কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা ও পলায়নের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ পাঁচ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি হতে পারে।
বরখাস্ত হতে যাওয়া অন্য চার পুলিশ কর্মকর্তা হলেন- মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস এবং মো. ইকবাল হোসাইন। এদের মধ্যে রাজন কুমার দাস বর্তমানে সাময়িক বরখাস্ত অবস্থায় পলাতক রয়েছেন। অন্যদিকে, মো. ইকবাল হোসাইন সাময়িক বরখাস্ত হয়ে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত আছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা ও পলায়নের অভিযোগের ভিত্তিতে এই পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছিল। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের চাকরি থেকে বরখাস্ত করার মতো গুরুদণ্ড দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানা গেছে।

















