ভোলার লালমোহনে স্কুল থেকে বাড়ি ফেরার পথে টমটমের চাপায় জিসান (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের প্যায়ারীমোহনের বটতলা এলাকায় রায়চাঁদ টু লর্ডহাডিঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত জিসান ওই এলাকার রুবেলের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, শিশু জিসান স্থানীয় গঙ্গারাম দাস মন্দিরের পাঠশালায় শিশু শ্রেণিতে পড়াশোনা করত। মন্দিরের ক্লাস শেষে ছুটি হওয়ার পর সে বাড়ি ফিরছিল। পথিমধ্যে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ইঞ্জিনচালিত টমটম তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে দ্রুত উদ্ধার করে পাশের উপজেলা চরফ্যাশন হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক জিসানকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, লর্ডহাডিঞ্জ ইউনিয়নের সভাপতি ইব্রাহিম মিয়া তাদের বিষয়টি অবগত করেছেন। দুর্ঘটনাকবলিত টমটমটি বর্তমানে পুলিশের জিম্মায় রয়েছে। ওসি আরও বলেন, শিশুটিকে চরফ্যাশন হাসপাতালে নেওয়া হয়েছিল। আমরা পরিবারকে মৃত্যুসনদ সংগ্রহ করে রাখতে বলেছি এবং তাদের পক্ষ থেকে থানায় এসে আইনগত পদক্ষেপ নিলে পুলিশের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে।

















