চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানা পুলিশ একটি বিশেষ অভিযান চালিয়ে ‘হানি ট্র্যাপ’ বা প্রলোভন দেখিয়ে অর্থ আদায়কারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন মোবারক হোসেন (২৬) ও নুসরাত ফারিয়া (২০)। তাদের বিরুদ্ধে প্রলোভনে ফেলে অপহরণ, শারীরিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন এবং চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। শনিবার (২৫ জুলাই) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হলেও রোববার সকালে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুলিশের ভাষ্যমতে, গত ২২ জুলাই মো. আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি বন্ধুদের সঙ্গে দেখা করতে কোতোয়ালি থানার কাজীর দেউরী মোড়ে গেলে নুসরাত ফারিয়ার সাথে তার পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে নুসরাত তাকে প্রলোভন দেখিয়ে কৌশলে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে আগে থেকে ওত পেতে থাকা সহযোগীদের সহায়তায় ভুক্তভোগীকে জিম্মি করে বিবস্ত্র অবস্থায় ছবি তোলা হয়। পরে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। একপর্যায়ে শারীরিক নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ৭ হাজার টাকা আদায় করে অভিযুক্তরা তাকে একটি গলিতে ফেলে রেখে পালিয়ে যায়।
ভুক্তভোগীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মোবারক হোসেন ও নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে। কোতোয়ালি থানার ওসি জায়েদ নুর জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পরস্পরের যোগসাজশে বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলে অর্থ আদায়ের কথা স্বীকার করেছেন। অভিযানের সময় মোবারকের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে একটি স্মার্টফোন, ভুক্তভোগীর মোটরসাইকেলের চাবি এবং হাত বাঁধার কাজে ব্যবহৃত রশি উদ্ধার করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত মোবারক হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মারামারি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অন্তত ৫টি মামলা বিচারাধীন রয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

















