ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের বিভিন্ন দাবি পূরণের সরকারি নিশ্চয়তা পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে নিজেদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার সরকারি প্রতিনিধিদলের সঙ্গে তৃতীয় দফার আলোচনার পরই সিজেপির পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়।
সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে আন্দোলনের ইতি টানার ঘোষণা দেওয়া হয়। এ সময় কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এবং সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, সরকার তাদের আশ্বস্ত করেছে যে দেশজুড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর বা মামলা প্রত্যাহার করে নেওয়া হবে।
সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানান, সরকারের সঙ্গে তিন দফা আলোচনার পর তাদের তিনটি প্রধান দাবির মধ্যে প্রথমটি পূরণ হয়েছে, যা হলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। তাদের অন্যান্য দাবির মধ্যে ছিল আন্দোলনকারী ও আয়োজকদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার এবং নিট পরীক্ষায় ক্ষতিগ্রস্ত হয়ে স্বজন হারানো পরিবারগুলোকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ প্রদান।
আশুতোষ রাঙ্কা আরও জানান, সরকারের সঙ্গে তাদের আলোচনা অব্যাহত থাকবে এবং আগামী চার সপ্তাহের মধ্যে আবারও নতুন করে এক দফা বৈঠক অনুষ্ঠিত হবে।

















