কিশোরগঞ্জের কটিয়াদী পৌর এলাকার একটি পুকুর থেকে পল্টু মিয়া (৫৭) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে স্থানীয়রা সদর ভোগপাড়া দাখিল মাদরাসা মসজিদসংলগ্ন পুকুরে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। নিহত পল্টু মিয়ার বাড়ি পাশের বাজিতপুর উপজেলার পূর্ব ভাগলপুর এলাকায় এবং তিনি মৃত আসন আলীর ছেলে।
খবর পেয়ে কটিয়াদী মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃত ব্যক্তি কখন বা কীভাবে ওই পুকুরপাড়ে এসেছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা কোনো তথ্য দিতে পারেননি। তবে পুকুরের পাড়ে একটি বাজারের ব্যাগের ভেতর কিছু কাপড়চোপড় পাওয়া গেছে।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পুলিশ মরদেহটি উদ্ধার করেছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

















