দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭২ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৬৭২ জনের মধ্যে বরিশাল বিভাগে ৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮ জন এবং ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬ জন রয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯১ জন, খুলনা বিভাগে ১৪০ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, রংপুর বিভাগে পাঁচজন এবং সিলেট বিভাগে চারজন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৯ হাজার ৩৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধুমাত্র চলতি মাসেই ৪ হাজার ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর এখন পর্যন্ত সর্বোচ্চ ৯ হাজার ২০৬ জন রোগী জুলাই মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়া জুনে ২ হাজার ৯০৭ জন রোগী ভর্তি হয়েছিলেন।
চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মোট ৬১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে চলতি মাসে সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া জুলাই মাসে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুইজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে।

















