এডিস মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে, যার ফলে চলতি বছর এখন পর্যন্ত এই রোগে মোট ১৪৩ জনের প্রাণহানি ঘটল। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুধু সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৬ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের যেকোনো মাসের তুলনায় সর্বোচ্চ। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৫৬ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১০৮ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৭৬ জন ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ২৫১ জন, বরিশালে ১৪৪ জন, চট্টগ্রামে ১০৩ জন, খুলনায় ১৯৯ জন, ময়মনসিংহে ৪৮ জন, রাজশাহীতে ৭৩ জন, রংপুরে ৪৭ জন এবং সিলেটে ৭ জন রোগী চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। একই সময়ে ১ হাজার ৫৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। পরিসংখ্যান বলছে, চলতি বছর এখন পর্যন্ত মোট ৫০ হাজার ২৭৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৪৬ হাজার ৬৯৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
এদিকে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৬ বছর বয়সী অর্পিতা দাশ নামের এক গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে। পাথরঘাটা এলাকার সানরাইজ গ্রামার স্কুলের সহকারী শিক্ষিকা অর্পিতা গত শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান। তার আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে সন্তান প্রসবের সম্ভাব্য সময় ছিল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন জানান, গত বৃহস্পতিবার অর্পিতা দাশকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হওয়ার কারণে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে গর্ভে থাকা সন্তানটিও মারা যায়। গত ৬ সেপ্টেম্বর অর্পিতা দাশের ডেঙ্গু শনাক্ত হয় এবং অবস্থা গুরুতর হওয়ায় তাকে একাধিক হাসপাতালে স্থানান্তরের পর চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়েছিল।

















