রাজধানীর গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইন সংলগ্ন একটি বস্তিতে মাদকবিরোধী আকস্মিক অভিযানে নেমেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে ও সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ভিডিও পোস্টের মাধ্যমে তিনি এই অভিযানের তথ্য জানান। ভিডিওগুলোতে দেখা যায়, প্রতিমন্ত্রী এক হাতে পিস্তল এবং অন্য হাতে হ্যান্ড মাইক নিয়ে মাদক আস্তানার বিরুদ্ধে সরাসরি মাঠে নেমেছেন।
প্রথম ভিডিওতে প্রতিমন্ত্রীকে গাড়ি থেকে পিস্তল হাতে নামতে দেখা যায়। মাইকে তিনি অভিযুক্তদের থামার নির্দেশ দিয়ে বলেন, এই এলাকা ধ্বংস করার সুযোগ কাউকে দেওয়া হবে না। এ সময় তিনি পিস্তল উঁচিয়ে ধরেন এবং তার সহযোগীরা অভিযুক্তদের ধাওয়া করে কয়েকজনকে আটক করেন। দ্বিতীয় ভিডিওটিতে আটক ব্যক্তিদের পুলিশের হাতে তুলে দেওয়ার দৃশ্য দেখা যায়।
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন নিজে ছয়জনকে আটক করে থানায় ফোন দেন। পরবর্তীতে পুলিশের টিম গিয়ে তাদের থানায় নিয়ে আসে। আটককৃতরা এ সময় ছাড়া পাওয়ার জন্য অনুরোধ জানালে প্রতিমন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন, তাদের মারার জন্য তিনি আসেননি, বরং আইন অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে।
প্রতিমন্ত্রীর মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা-৬ আসন মাদকমুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। এলাকাবাসীর উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, এলাকায় মাদক কারবারিদের কোনো স্থান নেই। তিনি স্পষ্ট করে বলেন, মাদক ব্যবসায়ীরা যেই দলেরই হোক না কেন, নিজের দলের কেউ জড়িত থাকলেও তাদের জন্য শাস্তি আরও কঠোর হবে। দেশ আইনের মাধ্যমেই চলবে বলে তিনি উল্লেখ করেন।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ও সন্ধ্যায় ইশরাকের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দুটি ভিডিও পোস্ট করা হয়। প্রথম ভিডিওটি পোস্ট করা হয় বিকেল সোয়া ৫টায় এবং দ্বিতীয়টি সন্ধ্যা ৬টায়।
১ মিনিট ১৩ সেকেন্ডের এই ভিডিওটির শুরুতেই প্রতিমন্ত্রীকে গাড়ি থেকে পিস্তল হাতে নামতে দেখা যায়। মুখে মাইক লাগিয়ে তাকে বলতে শোনা যায়, ‘এই দাঁড়াও। এখন বসো। পুলিশ আসবে তারপর কথা হবে। তোরা শহরটাকে ধ্বংস করতে চাস। এলাকাটাকে ধ্বংস করতে চাস।’

















