নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের প্রস্তুতির অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং এর অধীনস্থ মাঠপর্যায়ের কার্যালয়গুলোর জনবলের পূর্ণাঙ্গ তথ্য তলব করা হয়েছে। মাউশির এইচআরএম ইউনিট থেকে সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় আগামী ৭ অক্টোবরের মধ্যে প্রতিষ্ঠানভিত্তিক এসব তথ্য যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানোর জন্য বলা হয়েছে।
মাউশির পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মচারীদের বেতন-ভাতা প্রদান ও পেনশন কার্যক্রম সহজতর করার পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করতে আইবাস++ (iBAS++)-এর অর্গানোগ্রাম সাব-মডিউলের ডেটাবেজে জনবলের পূর্ণাঙ্গ তথ্য যুক্ত করার কাজ চলমান রয়েছে। এছাড়া সরকারি আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী করতে আইবাস++-এর ‘পে ফিক্সেশন সাব-সিস্টেম’-এ নতুন বেতন স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা প্রয়োজন। এসব কারণে মাউশি ও এর মাঠপর্যায়ের কার্যালয়গুলোর জনবল সংক্রান্ত বিস্তারিত তথ্য অর্গানোগ্রাম সাব-মডিউলে অন্তর্ভুক্ত করা জরুরি হয়ে পড়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, এনাম কমিশনের সুপারিশের পর যেসব পদের সৃষ্টি হয়েছে, সেগুলোর তথ্যও অর্গানোগ্রাম সাব-মডিউলে যুক্ত করতে হবে। এক্ষেত্রে অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখার পৃষ্ঠাঙ্কন করা সরকারি আদেশসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জনবলের পূর্ণাঙ্গ তথ্য মাউশি কর্তৃক নির্ধারিত ছকে পাঠাতে হবে।
নির্ধারিত ছকে কার্যালয়ের নাম, পদের নাম (বাংলা ও ইংরেজি), ১৩ ডিজিটের কোড, পদের মূল গ্রেড, পদভিত্তিক জনবলের সংখ্যা এবং মন্তব্য উল্লেখ করতে হবে। মাউশির নির্দেশনা অনুযায়ী, আগামী ৭ অক্টোবরের মধ্যে এই তথ্য অধিদপ্তরের এইচআরএম শাখার উপপরিচালকের কাছে জমা দিতে হবে। একই সঙ্গে তথ্যের সফট কপি নিকষ ফন্টে ওয়ার্ড ডকুমেন্ট আকারে নির্ধারিত ই-মেইলে পাঠানোর পাশাপাশি প্রয়োজনীয় কপি মাউশির কক্ষ নম্বর ৫৩০-এ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

















