সদ্য সমাপ্ত দুর্গাপূজা বাংলাদেশে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইফ নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে দলের আয়োজিত সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার জন্য হিন্দু-মুসলিম সকল শান্তিপ্রিয় মানুষকে ধন্যবাদ জানাই। তবে এতে সরকারের বিন্দুমাত্র কৃতিত্ব নেই। সাধারণ মানুষ, বিরোধী দল এবং মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়ে এই শান্তি বজায় রাখতে সহযোগিতা করেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের করা বিরোধী দল ও আওয়ামী লীগের ঐক্যবদ্ধ আন্দোলনের অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর এই বক্তব্য অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। তিনি একে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর মতো মন্তব্য বলে অভিহিত করেন। নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে আমরা দেখেছি সরকার ও বিএনপি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে নির্বাচনে অংশ নিয়েছিল। আওয়ামী লীগের ভোটব্যাংক টানার জন্য তারা মিথ্যে মামলা ও মামলা-বাণিজ্য করেছে এবং ব্ল্যাকমেইল করেছে। এখনো তারা আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে এবং গঙ্গা চুক্তি নবায়নের বিষয়েও স্পষ্ট কিছু বলছে না।
বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিরোধীদলীয় চিফ হুইফ বলেন, নিজেদের দিকে তাকান, দ্রুত বিচার নিশ্চিত করুন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করুন। শুধু সরকার পরিবর্তন নয়, পুরো বন্দোবস্তের পরিবর্তন প্রয়োজন। এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জ্বালানি সংকটের দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করেন। নাহিদ ইসলামের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী গত সাত মাসে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষার চেয়ে সংবিধান কাটাছেঁড়া করতেই বেশি ব্যস্ত। তাই সালাউদ্দিন আহমেদের এই দায়িত্ব পালনের কোনো নৈতিক অধিকার নেই। তাই মন্ত্রিপরিষদ পুনর্গঠন করা উচিত।
পদত্যাগের দাবির পাশাপাশি তিনি আরও কিছু দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ১টি ‘একদলীয়’ সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে বিলুপ্ত করে গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন; সাইবার আইনের সংশোধনী প্রস্তাব বাতিল; গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন আইনের মতো কর্তৃত্ববাদী আইন বাতিল, ৫ আগস্ট ২০২৪-এর পর জুলাই হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করা এবং ২০২৫ সালের মধ্যে জুলাই যোদ্ধা ও শহীদদের পরিবারের ওপর হামলা বন্ধ করা। নাহিদ ইসলাম জানান, এসব দাবিতে আগামী ৩০ অক্টোবর ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে দুপুর ৩টায় গণবিক্ষোভ অনুষ্ঠিত হবে।
দলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম বিস্তারের জন্যই এটি করা হয়েছে। নির্বাচনের পর অনেক নতুন সদস্য যুক্ত হওয়ায় দায়িত্ব পুনর্বণ্টনের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে বিকেল ৫টার দিকে কারওয়ান বাজারে লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের সদস্যসচিব আখতার হোসেন এবং এতে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্য নেতারা বক্তব্য রাখেন।

















