আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই সংশোধনের মাধ্যমে নতুন প্রতীক তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে আগের ১১৯টি প্রতীকের সঙ্গে নতুন করে ‘না’ প্রতীক যুক্ত করা হয়েছে। সব মিলিয়ে এখন ইসির সংরক্ষিত প্রতীকের সংখ্যা দাঁড়িয়েছে ১২০টিতে। এই তালিকায় ‘নৌকা’ প্রতীকটিকে স্থগিত হিসেবে রাখা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে ইসি এ-সংক্রান্ত প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করে। ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এতে স্বাক্ষর করেছেন। এর আগে গত বছরের ২৫ অক্টোবর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১১৯টি প্রতীক নিয়ে গেজেট প্রকাশ করেছিল কমিশন। নতুন গেজেটে সেই তালিকার সঙ্গেই ‘না’ প্রতীকটি যুক্ত করা হলো।
প্রজ্ঞাপনে নির্বাচন কমিশন উল্লেখ করেছে, ১৯৭২ সালের সংবিধানের ৯৪ অনুচ্ছেদে প্রাপ্ত ক্ষমতাবলে ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর বিধি ৯-এর উপবিধি (১) সংশোধন করা হয়েছে। নতুন এই বিধান অনুযায়ী, কোনো আসনে একক প্রার্থী থাকলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ঠেকাতে ‘না’ প্রতীকে ভোট দেওয়ার বিধান রাখা হয়েছে। এছাড়া বিধির অন্যান্য শর্ত সাপেক্ষে, স্থগিত প্রতীক বাদে তালিকাভুক্ত প্রতীকগুলো থেকে প্রাপ্যতা অনুযায়ী যেকোনো প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া যাবে।
ইসির প্রকাশিত তালিকায় স্থান পাওয়া প্রতীকগুলোর মধ্যে রয়েছে—আনারস, আপেল, আম, আলমিরা, ঈগল, উট, উদীয়মান সূর্য, একতারা, কবুতর, কম্পিউটার, কলম, কলস, কলার ছড়ি, কাঁচি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কুঁড়ে ঘর, কুড়াল, কুমির, কুলা, কেটলি, কোদাল, খেজুর গাছ, গরুর গাড়ি, গাভী, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ঘোড়া, চশমা, ঢাকা, চাবি, চিংড়ি, চিরুনি, চেয়ার, ছড়ি, ছাতা, জগ, জাহাজ, টর্চ লাইট, টিউবওয়েল, টেবিল, টেবিল ঘড়ি, টেবিল ল্যাম্প, টেলিফোন, টেলিভিশন, ট্রাক, ট্রাক্টর, ডাব, ড্রেসিং টেবিল, ঢেঁকি, তারা, তালা, থালা, দাঁড়িপাল্লা, দালান, দেওয়াল ঘড়ি, দোতলা বাস, দোয়াত কলম, দোলনা, ধানের শীষ, নোঙর, নৌকা (স্থগিত), পাগড়ি, পানির ট্যাপ, পালকি, প্রজাপতি, ফলের ঝুড়ি, ফুটবল, ফুলকপি, ফুলের মালা, বই, বক, বটগাছ, বাইসাইকেল, বাঘ, বালতি, বেবি টেক্সি, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব, মই, মগ, ময়ূর, মশাল, মাইক, মাছ, মাথাল, মিনার, মোটরগাড়ি, মোটরসাইকেল, মোড়া, মোবাইল ফোন, মোমবাতি, মোরগ, রকেট, রিকশা, রেল ইঞ্জিন, লাঙল, লিচু, শাপলা কলি, সিংহ, সিঁড়ি, সূর্যমুখী ফুল, সেলাই মেশিন, সোনালী আঁশ, সোফা, হরিণ, হাঁস, হাত (পাঞ্জা), হাতঘড়ি, হাতপাখা, হাতি, হাতুড়ি, হারিকেন, হুক্কা, হেলিকপ্টার, হ্যান্ডশেক এবং নতুন যুক্ত হওয়া ‘না’ প্রতীক।
নির্বাচন কমিশন তাদের নিজস্ব ওয়েবসাইটে নিয়মিতভাবে নির্বাচন পরিচালনা বিধিমালা ও প্রতীকসংক্রান্ত যাবতীয় নথিপত্র প্রকাশ করে থাকে।

















