বিনোদন

নতুন সিনেমা গানমাস্টার জি৯-এর টিজারে চমক দিলেন ইমরান হাশমি

প্রতিবেদক
সব খবর

আওরাপন ২-এর অভাবনীয় সাফল্যের রেশ কাটতে না কাটতেই আবারও নতুন সিনেমা নিয়ে হাজির হলেন জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি। মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা গানমাস্টার জি৯-এর টিজার। প্রায় দেড় মিনিটের এই টিজারে অভিনেতাকে এক নতুন ও ভিন্নধর্মী চরিত্রে দেখা গেছে। ক্র্যাক খ্যাত নির্মাতা আদিত্য দত্তের পরিচালনায় নির্মিত এই সিনেমায় ইমরানের বিপরীতে অভিনয় করেছেন জেনেলিয়া দেশমুখ।

টিজারের শুরুর দিকে ইমরান হাশমির কণ্ঠে এক আবেগঘন ও গম্ভীর সংলাপ শোনা যায়। তিনি বলেন, আমাকে সবচেয়ে ভয়ংকর মৃত্যু দাও। টুকরো টুকরো করে শকুনকে খাইয়ে দাও। শুধু মহাদেবের কাছে আমার একটাই প্রার্থনা, আমার ভালোবাসার কাছে পৌঁছানো পর্যন্ত যেন আমাকে মৃত্যু না দেওয়া হয়। এরপরই পর্দায় ভেসে ওঠে ইমরান হাশমি রিলোডেড অ্যাজ গানমাস্টার জি৯ লেখাটি।

টিজারের দৃশ্যায়ন থেকে বোঝা যায়, সিনেমাটিতে আন্ডারওয়ার্ল্ড ও মাফিয়া জগতের গল্পের সঙ্গে প্রেমের গল্পের এক দারুণ সমন্বয় ঘটেছে। টিজারে অস্ত্রধারী পুলিশে ঘেরা একটি নির্জন এলাকা থেকে ইমরানকে ধরে পুলিশ ভ্যানে তোলার দৃশ্য দেখা যায়। এছাড়া নদীতে হিন্দু দেবদেবীর মূর্তি বিসর্জনের দৃশ্যও ফুটে উঠেছে।

সিনেমার মূল কুশীলবদের মধ্যে ইমরান ও জেনেলিয়া ছাড়াও অভিনয় করেছেন অপারশক্তি খুরানা, অভিষেক সিং, স্নেহিল মেহরা ও ইনায়াত ভার্মা। তবে টিজারে তাদের চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। সিনেমাটি প্রযোজনা করেছেন দীপক মুকুট ও সংগীতা আহির। টিজার প্রকাশের পর নেটিজেনরা এর আবহে তেরে ইশক মে-এর ছায়া খুঁজে পেয়েছেন, যার সঙ্গে হিমেশ রেশমিয়ার সংগীত এক ভিন্ন স্বাদ যোগ করেছে।

আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। বর্তমানে ইমরান হাশমির ক্যারিয়ার বেশ ভালো সময় পার করছে। তার অভিনীত আওরাপন ২ মুক্তির মাত্র ১২ দিনে বিশ্বজুড়ে ২০০ কোটি রুপি আয় করেছে। ২০০৭ সালের মূল আওরাপন বক্স অফিসে সফল না হলেও এর সিক্যুয়েল দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। সম্প্রতি হক সিনেমায়ও প্রশংসিত হয়েছেন ইমরান। এখন দেখার বিষয়, গানমাস্টার জি৯ তার সাম্প্রতিক সাফল্যের ধারা বজায় রাখতে পারে কি না।

সব খবর