অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুই মামলার আসামি বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম। তবে ঠিক কবে, কোন প্রক্রিয়ায় বা কোন কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করেছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
২০২৫ সালের ২৭ জুলাই শেখ আব্দুল হান্নান এবং তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে মামলা করে দুদক। তদন্তে দেখা গেছে, হান্নান জ্ঞাত আয়বহির্ভূত ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদের মালিক হয়েছেন। এ ছাড়া তার ছয়টি ব্যাংক হিসাবে মোট ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০০ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক।
একই অভিযোগে অভিযুক্ত তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৩২টি ব্যাংক হিসাবে ১ কোটি ১৮ লাখ ১৯ হাজার ৯২৩ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। দুদকের অনুসন্ধানে কাতার ও দুবাইসহ বিভিন্ন দেশে হান্নানের ব্যবসাপ্রতিষ্ঠান ও সম্পদের তথ্য পাওয়ার বিষয়টিও উঠে এসেছে। এরই মধ্যে আদালত তার জমি, বাড়ি, ফ্ল্যাট এবং ব্যাংক হিসাব জব্দ বা অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য যে, শেখ আব্দুল হান্নান ২০২১ সালের ১২ জুন বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। পরবর্তীতে ২০২৪ সালের ১১ জুন তিনি অবসরে যান।

















