ফরিদপুরে দলবদ্ধ ধর্ষণসহ দুটি পৃথক ধর্ষণ মামলায় তিন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে প্রত্যেক আসামীকে ১ লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রোববার (২৩ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামিমা পারভিন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দলবদ্ধ ধর্ষণ মামলার দুই আসামী উপস্থিত থাকলেও অপর মামলায় সাজাপ্রাপ্ত আসামী অনুপস্থিত ছিল। পলাতক আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং উপস্থিত আসামীদের পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়েছে।
সাজাপ্রাপ্ত আসামীদের মধ্যে রয়েছে ফরিদপুর সদর উপজেলার তাম্বুলখানা এলাকার সিরাজ মন্ডলের ছেলে রাসেল মন্ডল (২৫)। এছাড়া দলবদ্ধ ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্তরা হলো চরদুর্গাপুর হাজীডাঙ্গী গ্রামের মৃত জয়নাল মোল্যার ছেলে সুমন মোল্যা এবং আহম্মদ বেপারীর ছেলে উসমান মোল্যা।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৬ নভেম্বর সদর উপজেলার ভাটপাড়া গ্রামে বাড়িতে একা পেয়ে এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে রাসেল মন্ডল। ঘটনার সময় ভুক্তভোগীর বাবা-মা অসুস্থ স্বজনকে দেখতে হাসপাতালে ছিলেন। মেয়েটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে রাসেল পালিয়ে যায়। পরদিন ভুক্তভোগীর মা বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা করেন।
অপর ঘটনায় ২০২৪ সালের ১৭ অক্টোবর সদর উপজেলার আনন্দ বাজার এলাকার এক কিশোরী তার প্রেমিকের সাথে দেখা করতে দৌলতদিয়া ঘাটে যায়। প্রেমিক না আসায় সে তার চাচাতো ভাই রিয়াজকে বিষয়টি জানায়। রিয়াজ তাকে মোটরসাইকেলে করে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে তার দুই বন্ধু সুমন ও উসমানের ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে কৌশলে রিয়াজকে দূরে সরিয়ে রেখে সুমন ও উসমান কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে। পরে তাকে বাড়ির কাছে রেখে পালিয়ে যায় তারা। এ ঘটনায় ভুক্তভোগীর মা জমেলা বেগম বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুইয়া রতন জানান, আদালত সুমন ও উসমানকে দলবদ্ধ ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, তবে চাচাতো ভাইয়ের অপরাধ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে। এছাড়া কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের দায়ে রাসেল মন্ডলকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করে আশা ব্যক্ত করেন যে, দ্রুত বিচার সম্পন্ন হওয়ায় সমাজে এই ধরণের অপরাধ প্রবণতা হ্রাস পাবে।

















