পাবনার ঈশ্বরদীতে বজ্রপাতের ঘটনায় রকিবুল ইসলাম (৫৫) নামে এক কৃষক প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের বিলকেদার গ্রামের চরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ সময় শামসুল ইসলাম নামে আরও এক কৃষক গুরুতর আহত হয়েছেন। নিহত রকিবুল ইসলাম উপজেলার কৈকুন্ডা গ্রামের মৃত মার্জিন হোসেনের ছেলে এবং আহত শামসুল আলম বিলকেদার গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে বিলকেদার চরে নিজ কৃষি জমিতে রকিবুল ও শামসুল কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে তারা দুজনই দগ্ধ ও সংজ্ঞাহীন হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক রকিবুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত শামসুল আলম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান। তিনি জানান, নিহত কৃষকের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

















