অপরাধ

রাঙামাটিতে ২২১ লিটার দেশি মদসহ ৫ জন গ্রেপ্তার

প্রতিবেদক
সব খবর

রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ২২১ লিটার দেশীয় মদসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কোতোয়ালি থানাধীন সাপছড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। মাদক উদ্ধারের পাশাপাশি মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করেছে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন ও উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্রের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযানে অংশ নেয়। গ্রেপ্তারকৃতরা হলেন—সনেন্দ্র ত্রিপুরা (৪২), মো. নুরুল ইসলাম (৬৮), সিএনজি চালক হপেন ত্রিপুরা (২১), ধনী ত্রিপুরা (৩০) এবং গোপন ত্রিপুরা প্রকাশ রাসেল (২৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজনের বাড়ি খাগড়াছড়ির গুইমারা থানার সিন্দুকছড়ি ইউনিয়নে। বাকি একজনের বাড়ি রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায়। অভিযানে নেতৃত্বদানকারী কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সব খবর