জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নবীনবরণ উপলক্ষে আয়োজিত একটি কনসার্টে স্টেজে বসার স্থান নিয়ে সংগঠনটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কাঠালতলা এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। এতে মোট তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, কনসার্ট চলাকালীন সময়ে স্টেজে বসা নিয়ে জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি ও যুগ্ম আহ্বায়ক সুমন সর্দারের অনুসারীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। পরবর্তীতে সংঘর্ষটি সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কাঠালতলা এলাকায় ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহত শিক্ষার্থীরা হলেন—গণিত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের তানজিল আহমেদ মিথিল, কেমিস্ট্রি বিভাগের ১২ ব্যাচের শাওন ও মনির। আহতদের দ্রুত ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কামাল হোসেন জানান, আহত তিনজনের মধ্যে দুজনের মাথায় আঘাত রয়েছে এবং একজনকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।
ঘটনার বিষয়ে জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার দাবি করেন, সিনিয়র-জুনিয়রদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে মূলত হাতাহাতির ঘটনা ঘটেছে এবং বিষয়টি তারা মিটমাট করে ফেলেছেন। তবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান এ বিষয়ে বলেন, বিষয়টি আমার জানা ছিল না, এই প্রথম শুনলাম। আমি পুরো ঘটনা জেনে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

















