ব্যয় সাশ্রয় এবং দেশীয় পণ্যের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ফার্নিচারসহ ব্যয়বহুল বিদেশি পণ্য আমদানিতে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এই বিষয়ে নিজের অসন্তোষের কথা জানান। সভায় অংশ নেওয়া একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন যে, যেসব পণ্য দেশে সহজেই পাওয়া যায়, সেগুলো বিদেশ থেকে আমদানি করা উচিত নয়।
একই সভায় প্রধানমন্ত্রী একনেকের সম্মানী নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তিনি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন রাখেন, তিনি নিজেও দিনে অনেক মিটিং করেন কিন্তু কোনো সম্মানী গ্রহণ করেন না। তাই কর্মকর্তাদের কেন সম্মানী নিতে হবে, সেই প্রশ্ন তুলে তিনি বলেন, এসব সভায় অংশ নেওয়া কাজেরই অংশ এবং এটি তাদের দায়িত্বের মধ্যে পড়ে।
এছাড়া প্রকল্পের মালামাল দেখার নামে প্রি-শিপমেন্টের অজুহাতে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের প্রবণতা নিয়েও প্রধানমন্ত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি এ ধরনের বিদেশ ভ্রমণ অবিলম্বে বন্ধ করার কঠোর নির্দেশ দিয়েছেন বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

















