কক্সবাজারের ইনানীতে অবস্থিত টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আজ শনিবার সকালে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত এই রিসোর্টটিতে আগুন লাগার ঘটনা ঘটে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে রিসোর্টটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং পর্যটকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, নিহতরা সবাই পর্যটক ছিলেন। তবে উদ্ধার কার্যক্রম চলাকালীন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে আগুন লাগার পর ৮টা থেকে তাদের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বর্তমানে দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনার পর রিসোর্ট কর্তৃপক্ষের সবাই ঘটনাস্থল থেকে পালিয়েছেন বলে জানা গেছে।

















