কারিগরি ত্রুটির কারণে ইতালির রোমে দীর্ঘ প্রায় ৪০ ঘণ্টা আটকে থাকার পর অবশেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকায় ফিরেছে। রবিবার (৯ আগস্ট) দুপুর ১২টা ২৪ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ।
এর আগে গত বৃহস্পতিবার কানাডার টরন্টো থেকে ২৫৯ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০৬ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছিল। পথিমধ্যে শুক্রবার রোম বিমানবন্দরে জ্বালানি নেওয়ার জন্য যাত্রাবিরতি করলে উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে। টানা আট ঘণ্টা চেষ্টার পরও ত্রুটি মেরামত করতে ব্যর্থ হলে ফ্লাইটটি বাতিল ঘোষণা করা হয় এবং যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে নেওয়া হয়। পরবর্তীতে বিমান কর্তৃপক্ষ যাত্রীদের হোটেল ও বিমানবন্দরের লাউঞ্জে অবস্থানের ব্যবস্থা করে।
উড়োজাহাজটি সচল করতে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সরঞ্জামসহ প্রকৌশলীদের একটি দল শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া ১১টার দিকে রোমে পৌঁছায়। প্রকৌশলীদের মেরামতের কাজ শেষে উড়োজাহাজটি পুনরায় উড্ডয়নের উপযোগী হলে সেটি ঢাকার উদ্দেশে রওনা হয়।
তবে দীর্ঘ সময় বিমানটি বিকল হয়ে পড়ে থাকায় এবং ভিসা সংক্রান্ত জটিলতায় অনেক যাত্রী বিমানবন্দরের বাইরে যেতে না পারায় চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। যাত্রীদের অভিযোগ, রোমে অবতরণের পর ত্রুটির কথা জানিয়ে প্রায় আট ঘণ্টা তাদের বিমানের ভেতরেই আটকে রাখা হয়, যার ফলে শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীরা শারীরিক কষ্টে পড়েন। পরবর্তীতে লাউঞ্জের ব্যবস্থা করা হলেও পর্যাপ্ত জায়গার অভাবে অনেককে মেঝে ও চেয়ারে রাত কাটাতে হয়েছে। এছাড়া খাবার পেতে দেরি হওয়া এবং লাগেজে থাকা ইনসুলিন ও প্রয়োজনীয় ওষুধ সময়মতো ব্যবহার করতে না পারার অভিযোগও করেছেন ভুক্তভোগী যাত্রীরা।

















