মালদ্বীপ সফরের অংশ হিসেবে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান। একই সঙ্গে, মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সরকারের বিশেষ অতিথি হিসেবে তার এই সফরের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন দেশটির প্রেসিডেন্ট।
সাক্ষাৎকালে দুই নেতা নিজেদের মধ্যকার দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বন্ধুত্বের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এ সময় বহুপাক্ষিক সহযোগিতা, শিক্ষা খাতে সুযোগ বৃদ্ধি এবং মানুষে মানুষে যোগাযোগ বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়। উভয় পক্ষই পারস্পরিক সুবিধা ও স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

















