জুলাই বিপ্লবের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসকে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এর আগে গত ২৭ আগস্ট এই মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। আদালত অভিযোগ আমলে নিয়ে ধনঞ্জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অন্য একটি মামলায় গ্রেপ্তার থাকায় জাহাঙ্গীর আলমকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে নির্ধারিত দিনে জাহাঙ্গীর আলমকে হাজির করা হলে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। ওই সময় মামলার পরবর্তী শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছিল।
প্রসিকিউশন সূত্র জানিয়েছে, জুলাই বিপ্লবের সময় সংঘটিত অপরাধের ঘটনায় এই দুই কর্মকর্তার বিরুদ্ধে ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়বদ্ধতার অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, আন্দোলন দমনের সময় সংঘটিত হত্যাকাণ্ডে উসকানি দেওয়া, নির্দেশনা প্রদান এবং অপরাধ সংঘটনের ষড়যন্ত্রে তাঁরা সরাসরি জড়িত ছিলেন।
আইন অনুযায়ী, বর্তমানে পলাতক ধনঞ্জয় কুমার দাসকে পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে নির্ধারিত প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজির হতে হবে। তিনি আত্মসমর্পণ না করলে তাঁর অনুপস্থিতিতেই মামলার পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালনা করা হবে।

















