সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন ও বিধি অনুযায়ী সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার (২৬ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতির জন্য নির্ধারিত সব সুযোগ-সুবিধাই মো. সাহাবুদ্দিন পাবেন। এর মধ্যে নিরাপত্তার জন্য এসএসএফ ও পিজিআরসহ ছয় মাসের বিশেষ ব্যবস্থার বিধান রয়েছে। এছাড়া পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও তার নিরাপত্তা নিশ্চিত করা হবে।
মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবির বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি স্বৈরাচারের শেষ সময়, অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকারের সময়ের একটি অংশে সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। ওই সময়ে তিনি সংবিধান ও প্রচলিত বিধি-বিধান অনুযায়ী দায়িত্ব পালন করেছেন এবং সরকারও তার সহযোগিতা পেয়েছে।
তিনি আরও বলেন, ওই সময়ে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হিসেবে তিনি বিশেষ সুবিধাপ্রাপ্ত অবস্থানে ছিলেন। তাই তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ বা এ সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা করার সুযোগ নেই। তবে এ বিষয়ে কেউ কোনো বক্তব্য দিলে সেটি তাদের নিজস্ব স্বাধীনতার বিষয়। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, সেগুলো সরকারের বিবেচনায় নেওয়ার মতো কোনো বিষয় হিসেবে দেখা হয়নি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

















