পিরোজপুরের মঠবাড়িয়ায় অসহায় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা এবং চোখের ছানি অপারেশন সেবা প্রদান করা হয়েছে। গত শনিবার (১৬ আগস্ট) মঠবাড়িয়া সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এই বিশেষ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। তরী মহিলা সংস্থার উদ্যোগে এবং বরিশাল ইস্পাহানি ইসলামীয়া চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের কারিগরি সহযোগিতায় দিনব্যাপী এই সেবা কার্যক্রম চলে।
চিকিৎসা ক্যাম্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর বিএনপির সাবেক সভাপতি কে.এম হুমায়ুন কবির। এ সময় উপস্থিত ছিলেন মহিলা অধিদপ্তরের উপরিচালক আলতাফ হোসেন, সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব কুমার হালদার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল কবির মিরাজ এবং সাংবাদিক শ্যামল মিত্র ও সুমন বেপারী।
ক্যাম্পে বরিশাল ইস্পাহানি ইসলামীয়া চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. রাদিব ইমাম রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন। দিনব্যাপী এই আয়োজনে চার শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেওয়া হয়। একই সঙ্গে রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয় এবং ছানি পড়া রোগীদের অস্ত্রোপচারের আওতায় আনা হয়।

















