২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তি—উভয় ক্ষেত্রেই ছাত্রীরা ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে। সোমবার সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ফলাফলের তথ্য অনুযায়ী, দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় মোট পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৮৬ শতাংশ। উত্তীর্ণ শিক্ষার্থীদের সংখ্যার দিক থেকেও মেয়েরা এগিয়ে রয়েছে। এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে; যার মধ্যে ৬ লাখ ৭ হাজার ৯৩৯ জন ছাত্রী এবং ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন ছাত্র।
জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। এবারের পরীক্ষায় মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এই অর্জনের মধ্যে ছাত্রীদের সংখ্যা ৬৩ হাজার ৮৯৬ জন এবং ছাত্রদের সংখ্যা ৫২ হাজার ৭৮০ জন।
উল্লেখ্য, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী ছিল।

















