সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না, আর আজকের দিনটি কাল হয়ে ইতিহাসের অংশ হয়ে ওঠে। অতীত থেকে শিক্ষা নিয়েই আমাদের ভবিষ্যতের পথ চলা। ১৩ আগস্ট ইতিহাসের পাতায় এমন অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হয়ে আছে, যা বিশ্বরাজনীতি ও সমাজ ব্যবস্থায় প্রভাব ফেলেছে।
১৭৮৪ সালের এই দিনে ব্রিটিশ পার্লামেন্টে ইস্ট ইন্ডিয়া বিল পাস হয়, যা ভারতে প্রশাসনিক সংস্কারের প্রস্তাব দিয়েছিল। ১৭৯২ সালে ফরাসি বিপ্লবীরা রাজপরিবারের সদস্যদের বন্দি করে। ১৯৬০ সালে মধ্য আফ্রিকা ফরাসি উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করে। ১৯৬১ সালের এই দিনে পূর্ব জার্মানি বার্লিন প্রাচীর নির্মাণ শুরু করে। ১৯৭২ সালে দক্ষিণ ভিয়েতনাম থেকে সর্বশেষ মার্কিন সৈন্য প্রত্যাহার করা হয়। ২০০৮ সালে অলিম্পিকে ২০০ মিটার ফ্রিস্টাইলে বিশ্বরেকর্ড গড়েন ফেডেরিকা পেলেগ্রিনি। এছাড়া ২০১১ সালের এই দিনে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন প্রাণ হারান।
আজকের দিনে জন্মগ্রহণকারী উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১৮১৪ সালে সুইডিশ পদার্থবিদ ও জ্যোতির্বিজ্ঞানী অন্দের্শ ইয়োনাস অংস্ট্রেম, ১৮১৯ সালে ব্রিটিশ পদার্থবিজ্ঞানী জর্জ গ্যাব্রিয়েল স্টোকস, ১৮৪৮ সালে বাঙালি সাহিত্যিক ও ইতিহাসবিদ রমেশচন্দ্র দত্ত এবং ১৮৮৪ সালে ইংরেজ ক্রিকেটার হ্যারি ডিন। এছাড়াও ১৮৬৭ সালে শব্দকোষপ্রণেতা উইলিয়াম আলেকজান্ডার ক্রেইগি, ১৮৮৮ সালে টেলিভিশনের আবিষ্কারক জন বেয়ার্ড, ১৮৯৯ সালে চলচ্চিত্র নির্দেশক স্যার আলফ্রেড জোসেফ হিচকক, ১৯০২ সালে জার্মান প্রকৌশলী ফেলিক্স ওয়াঙ্কেল, ১৯১১ সালে সমাজসেবিকা ড. ফুলরেণু গুহ, ১৯১২ সালে জীববিজ্ঞানী সালভাদর লুরিয়া, ১৯১৮ সালে প্রাণরসায়নবিদ ফ্রেডরিক স্যাঙ্গার, ১৯২০ সালে অভিনেতা নেভিল ব্র্যান্ড এবং ১৯২৬ সালে কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো জন্মগ্রহণ করেন।

















