কক্সবাজারের উখিয়ার ইনানীতে অবস্থিত ‘টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশে পাটোয়ারটেক এলাকার ওই রিসোর্টটিতে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সময় রিসোর্টটিতে বেড়াতে আসা একই পরিবারের ৬ সদস্য প্রাণ হারিয়েছেন।
নিহতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ তেহামী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী লায়লা জাহান নাবিলা এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী মেলিতা মেহেজাবিন আলভি রয়েছেন। একই পরিবারের নিহত অন্য সদস্যরা হলেন মালিহা, মিলা, সাবরিন ও শিশু ফাইজান আহমেদ। পরিবারটির নয়জন সদস্য সেখানে বেড়াতে গিয়েছিলেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে নাফিজ তেহামী, নাবিলা, মালিহা ও আলভি পরস্পরের কাজিন। এছাড়া ফারিহা কবির নাফিজের বড় বোন এবং শিশু ফাইজান তার ভাগ্নে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, সকাল ৭টা ২৩ মিনিটে তারা আগুন লাগার খবর পান। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন এবং সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কক্সবাজার শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে মেরিন ড্রাইভ সড়কের পাশে অবস্থিত এই রিসোর্টটিতে উদ্ধারকাজ এখনো অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

















