ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সিরিয়ার আল-তানফ অঞ্চলে অবস্থিত মার্কিন বিশেষ অভিযান পরিচালনা কেন্দ্র লক্ষ্য করে এক আকস্মিক হামলা চালানোর দাবি করেছে। শুক্রবার (১৭ জুলাই) আইআরজিসির জনসংযোগ বিভাগ তাদের ‘অপারেশন নাসর-২’-এর ১৯ নম্বর বিবৃতিতে এই অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করে।
সংগঠনটির দাবি অনুযায়ী, ইরানশাহরের বাম্পুর এলাকায় নিহত সেনাদের রক্তের প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে। ‘অপারেশন নাসর-২’-এর ১১তম ধাপে ‘আবু আবদুল্লাহ আল-হুসেইন (আ.)’ কোড নামে এই অভিযানটি পরিচালনা করে আইআরজিসির মহাকাশ বাহিনীর যোদ্ধারা। বিবৃতিতে মার্কিন বাহিনীর কর্মকাণ্ডকে ‘নৃশংস’ হিসেবে অভিহিত করে বলা হয়েছে, শিশু হত্যাকারী মার্কিন সেনাবাহিনীর নৃশংসতার জবাব দিতেই এই বিশেষ অভিযান চালানো হয়েছে।
আইআরজিসি দাবি করেছে যে, এই হামলায় শত্রুপক্ষের একটি রাডার ব্যবস্থা এবং বেশ কয়েকটি বিশেষ অভিযান হেলিকপ্টার ধ্বংস হয়েছে। পাশাপাশি, ইরানশাহরে নিহত সেনাদের হত্যার বদলা হিসেবে এই ঘটনায় বিপুলসংখ্যক মার্কিন সেনা প্রাণ হারিয়েছে বলেও তারা দাবি করেছে।
বিবৃতিতে আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ এখনও ইরানের সাহসী যোদ্ধাদের হাতেই রয়েছে। যতদিন পর্যন্ত মার্কিন নৃশংসতা অব্যাহত থাকবে, ততদিন ওই অঞ্চল থেকে এক ফোঁটা তেল ও গ্যাসও রপ্তানি করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে আইআরজিসি।

















