ইরানে সরকারবিরোধী বিক্ষোভের সময় চার পুলিশ কর্মকর্তাকে হত্যার দায়ে কায়েম হোসেইনি নামের এক আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে দেশটির ইসফাহান প্রদেশে সংঘটিত ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার তার ফাঁসি কার্যকর হয়। ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান অনলাইনের তথ্যমতে, এটি দেশটিতে চলমান সরকারবিরোধী বিক্ষোভকারীদের মধ্যে ৩০তম মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা।
নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) জানিয়েছে, ২১ বছর বয়সী ওই তরুণকে ইসফাহানের কেন্দ্রীয় কারাগারে ফাঁসি দেওয়া হয়। কর্তৃপক্ষের দাবি, হোসেইনি অস্ত্র উঁচিয়ে আতঙ্ক সৃষ্টি, নিরাপত্তাহীনতা তৈরি এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করার মতো অপরাধে জড়িত ছিলেন। তবে মানবাধিকার সংস্থাটির ভাষ্যমতে, তার বিরুদ্ধে কেবল এক পুলিশ সদস্যকে লাথি মারার অভিযোগ ছিল এবং তার কোনো কর্মকাণ্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে—এমন কোনো প্রমাণ কর্তৃপক্ষ হাজির করতে পারেনি।
আইএইচআরের পরিচালক মাহমুদ আমিরে-মোকাদ্দাম এই ঘটনাকে সম্মিলিত শাস্তির একটি উদাহরণ এবং মৃত্যুদণ্ডের যথেচ্ছ ব্যবহারের প্রমাণ হিসেবে আখ্যায়িত করেছেন। গত জানুয়ারিতে ইসফাহানে চার পুলিশ সদস্য নিহতের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে তেহরান। এর মধ্যে পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, যার মধ্যে হোসেইনিসহ দুইজন আফগান নাগরিক রয়েছেন। এর আগে গত জুলাই মাসে গোল মোহাম্মদ মোহাম্মদী নামের আরেক আফগান নাগরিকের ফাঁসি কার্যকর করা হয়েছিল।

















