প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ১৪। শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লংমার্চের যাত্রা শুরু হয়েছে। সকাল ৮টার পর শুরু হওয়া এই লংমার্চের নেতৃত্ব দিচ্ছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই লংমার্চ কর্মসূচিতে হাজারের বেশি গাড়ি যুক্ত হওয়ার কথা রয়েছে।
লংমার্চটি রংপুরে পৌঁছানোর পথে পাঁচটি স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। গাজীপুরের ভোগড়া বাইপাসে প্রথম সভার পর পর্যায়ক্রমে টাঙ্গাইলের নগর জালফৈ বাইপাস রোড, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার মাটিডালির বিমান মোড় ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা অনুষ্ঠিত হবে। সবশেষে সন্ধ্যায় রংপুরের জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া লংমার্চকে স্বাগত জানাতে আসা জনতার চাহিদা অনুযায়ী যাত্রাপথের বিভিন্ন স্থানে নেতারা বক্তব্য রাখতে পারেন বলে জানা গেছে।
জামায়াত ও এনসিপিসহ ১১ দলীয় এই ঐক্য লংমার্চ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। গত ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ব্যাপক সাড়া ও শান্তিপূর্ণ সাফল্যের পর এবার উত্তরাঞ্চলের জন্য এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নেতারা আশা করছেন, আগের কর্মসূচির চেয়ে এবারের লংমার্চে জনসমাগম ও সাড়া বেশি পড়বে। কর্মসূচির সফলতার জন্য সরকার ও প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনার পাশাপাশি নেতারা সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।
উল্লেখ্য, ছয় দফা দাবি নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে আটটি দাবি নিয়ে এই লংমার্চ পরিচালিত হচ্ছে। আগে দাবিগুলোর মধ্যে ছিল গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা। পরবর্তীতে এর সাথে দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজি বন্ধ করার দাবি যুক্ত হয়। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, সর্বশেষ উত্তরাঞ্চলের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিটিও এই আট দফার অন্তর্ভুক্ত করা হয়েছে।
















