অপরাধ

যশোরে চাঞ্চল্যকর কাকন হত্যা মামলার পলাতক আসামি সানি গ্রেপ্তার

প্রতিবেদক
সব খবর

যশোরে আব্দুর রহমান কাকন হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত ও দীর্ঘদিন ধরে পলাতক আসামি মো. সানিকে (২৬) গ্রেপ্তার করেছে জেলা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত মঙ্গলবার দিবাগত রাতে শহরের উপশহর শফিউল্লাহ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত সানি শহরের বারান্দীপাড়া মেঠো পুকুরপাড় চাতাল সংলগ্ন এলাকার মৃত রিয়াজ হোসেনের ছেলে।

সিআইডি সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৭ নভেম্বর রাতে পূর্ব বারান্দী মোল্যাপাড়া কবরস্থানের পাশে নারায়ণের চায়ের দোকানের ভেতর আব্দুর রহমান কাকনকে মারধর করা হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তার বুকের বাম পাশে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা সুফিয়া বেগম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন, যা ১৮ নভেম্বর ৫২ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়।

মামলার তদন্তভার সিআইডি গ্রহণ করার পর ২০২১ সালের ২৫ নভেম্বর শরিফুল ইসলাম ওরফে জিতুকে গ্রেপ্তার করা হয়। আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে জিতু জানায়, সানি, শফি ও সাদ্দাম মোল্লাসহ তারা কাকনকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। সিআইডির ফরওয়ার্ডিং প্রতিবেদনে মামলার ঘটনার সঙ্গে সানির সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে।

দীর্ঘদিন পলাতক থাকার পর সিআইডি সানির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় এবং ২৫ আগস্ট রাতে তাকে গ্রেপ্তার করে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার আশঙ্কায় তাকে জেলহাজতে আটক রাখার আবেদন করেছেন তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির পুলিশ ইন্সপেক্টর (নিঃ) সেলিম রেজা। ২৫ আগস্ট তাকে যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

সব খবর