কিশোরগঞ্জের করিমগঞ্জে মাদকদ্রব্যসহ ৯০ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা সরকার অদ্রির পরিচালনায় এই মোবাইল কোর্ট অনুষ্ঠিত হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আবু তাহের, তিনি করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের দেওপুর কাজলাহাটির মৃত ওয়াহেদ আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন জানান, সোমবার দুপুরে অধিদপ্তরের একটি দল করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর বাজারের জালপট্টি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ১০৫ গ্রাম গাঁজা ও এক পিস ইয়াবাসহ আবু তাহেরকে আটক করা হয়।
ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. ওবায়দুল্লাহ খান আসামি আবু তাহেরের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট প্রসিকিউশন দায়ের করেন। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা সরকার অদ্রি মোবাইল কোর্ট আইন অনুযায়ী আবু তাহেরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন।
















