ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে যে, নিহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি নাগরিক। তবে তাৎক্ষণিকভাবে ওই ৫ জনের নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।
ঘটনার পরপরই কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় হতাহতদের সম্পর্কে তথ্য সংগ্রহের কাজ শুরু করেন। স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে যে, অগ্নিকাণ্ডে এ পর্যন্ত মোট ৯ জনের প্রাণহানি ঘটেছে, যাদের মধ্যে ৫ জন বাংলাদেশি। উপ-হাইকমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে চারজনই একই পরিবারের সদস্য। বাকিদের পরিচয় এখনো স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি।
অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ৬ জন বাংলাদেশিকে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর ছেড়ে দেয়া হয়েছে। বর্তমানে উপ-হাইকমিশনের কর্মকর্তারা সংশ্লিষ্ট হাসপাতাল ও স্থানীয় পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছেন, যাতে ভুক্তভোগী বাংলাদেশিদের সব ধরণের সহযোগিতা প্রদান করা যায়। এ বিষয়ে সহায়তার জন্য উপ-হাইকমিশনের পক্ষ থেকে একটি সার্বক্ষণিক হেল্প লাইনও চালু করা হয়েছে।
এর আগে ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছিল যে, মধ্য কলকাতার একটি আবাসিক হোটেলে ঘটা এই ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন এবং তাদের সকলেই বাংলাদেশি নাগরিক।

















